এক বাসের ধাক্কায় অন্য বাস খাদে পড়ে প্রাণ গেল দুজনের, আহত ১০

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৫:০৫

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় একটি বাসের ধাক্কায় খাদে পড়েছে আরেকটি যাত্রীবাহী বাস। এতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, শামসুন্নাহার ও রাবেয়া। নিহতদের মধ্যে শামসুন্নাহার বরিশাল জেলার উজিরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী ও রাবেয়া পটুয়াখালী জেলার হানিজ গাজীর মেয়ে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালে দিকে ছেড়ে আসে দুটি বাস। পথে ওভারটেকিং করার সময় শ্যামলী পরিবহনের বাসের  ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনাকবলিত বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। একইসঙ্গে শ্যামলী পরিবহন বাসটিকে আটক করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া অভিযুক্ত বাসচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি