পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-র সচিব মো. আবুল মনসুর ফায়জুল্লাহ বলেছেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উত্তরণে সরকার কাজ করছে । সে লক্ষ্য অর্জনে মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কোনো বিকল্প নেই । বাজেটের আয়তন বাড়ার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে । পূর্ণ বাজেট বাস্তবায়নের সক্ষমতা অর্জন করে তা আরো বাড়াতে হবে এবং সে জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে ।
বরিশালের সার্কিট হাউজে সোমবার অনুষ্ঠিত জেলার বিভিন্ন সরকারি ক্রয়কারী সংস্থা ও দরপত্র দাতাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত গভর্নমেন্ট-টেন্ডারার ফোরাম (জিটিএফ)-এর এক দিনের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং সিপিটিইউ, আইএমইডি এর সরকারী নীতি বাস্তবায়ন উপদেষ্টা এ কে এম ফজলুল করীম। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। —প্রেস বিজ্ঞপ্তি
