ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৫৬

জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কমিশনের অন্যান্য সদস্যরা। বৈঠকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সালাহউদ্দিন বলেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষার বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালান্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবিলা কর‍তে পারবো না। 

এরআগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  

জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ৬টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে ৩০টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেবেন। সনদে তিনটি অংশ রয়েছে পটভূমি, ৮৪টি সংস্কার প্রস্তাব ও সাত দফা বাস্তবায়ন অঙ্গীকারনামা।

ইত্তেফাক/আরজেড/এএম