উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গত বছর থেকে এ বছরে পাসের হার ও জিপিএ-৫ এর দিক থেকে খারাপ ফলাফল করেছে বরিশাল বোর্ড। গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। এ বছর পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ।
গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল চার হাজার ১৬৭। অপরদিকে, এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।
তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৯ হাজার ২৩৯ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৩৭ ও ছাত্রী ৩১ হাজার ৪০২ জন। পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৬৪২ জন ও ছাত্রী ২২ হাজার ৪২৪ জন।
বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে বরিশাল জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫। আর এবার জিপিএ-৫ বেড়েছে ১৭৪টি।

