এইচএসসিতে ফেল করেছেন মারুফা, মারুফ-বর্ষণের ভালো ফল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২০:০৭

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

এবারের এইচএসসি পরীক্ষায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটার মারুফ মৃধা, রোহানাতদৌলা বর্ষণ ও ওয়াসি সিদ্দিকী ভালো ফলাফল করেছেন। তবে পাস করতে পারেননি নারী দলের তারকা পেসার মারুফা আক্তার। 

এই তিন ক্রিকেটারই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ‘ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।’

পরীক্ষায় তরুণ বাঁহাতি পেসার মারুফ মৃধা জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসী সিদ্দিকি জিপিএ ৪.০৮ তুলেছেন। ইনজুরি নিয়ে মাঠের বাইরে থাকা পেসার বর্ষণের ফলাফল নির্দিষ্ট করে জানা যায়নি,। তবে ভালো করেছেন বলে জানা গেছে।

Marufa Akter and Tammy Beaumont were part of an exciting new-ball battle, Bangladesh vs England, Women's ODI World Cup, Guwahati, October 7, 2025

বিকেএসপি সূত্রে জানা গেছে, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত থাকা ১৫৯ জন পরীক্ষায় বসেছিলেন। তাদের মধ্যে ১৪৭ জন কৃতকার্য হয়েছেন। 

ইত্তেফাক/জেডএইচ