‘কেমন আছো তোমরা’, গ্রেপ্তার পুলিশ সদস্যদের দেখে মামুনের প্রশ্ন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২০:৩৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে নেওয়ার পথে গ্রেপ্তার পুলিশ সদস্যদের সঙ্গে দেখা হলে তিনি তাদের খোঁজ-খবর নেন। তিনি তাদের জিজ্ঞেস করেন, ‘কেমন আছো তোমরা’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে সাবেক এই আইজিপি নিজের অধীনস্থ অনেক পুলিশ অফিসারকে হাজতখানায় বসে থাকতে দেখেন।

এ সময় তাদের উদ্দেশ্য করে সাবেক আইজিপি মামুন বলেন, ‘কেমন আছো তোমরা?’। পরে সবাই এক সুরে উত্তর দেন, ‘ভালো আছি স্যার।’

ওই সময় তিনি আরও জিজ্ঞেস করেন, ‘কে কোন কারাগারে আছো?’। আবারও সবাই হাসিমুখেই উত্তর দিলে সাবেক আইজিপি বলেন, ‘সবাই দোয়া কইরো। শরীরটা ভালো যাচ্ছে না’। তারও এই আইজিপির কাছে দোয়া চান।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা সবাই আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামি।

হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার পর থেকেই অনেকটা আলাদা রাখা হচ্ছে তাকে। মিশতে দেওয়া হয় না কারও সঙ্গে। এমনকি ট্রাইব্যুনালে আনা-নেওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বৃহস্পতিবার হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। যেখানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চাইলেও রাজসাক্ষী মামুনের ভার ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন। তাই এদিন অনেকটাই নির্ভার দেখা যায় সাবেক আইজিপি মামুনকে।

ইত্তেফাক/এমএএস