মিনি রঞ্জি ট্রফি
স্পোর্টস রিপোর্টার
মিনি রঞ্জি ট্রফির সেমিফাইনালের দ্বিতীয় দিন শেষে ১২৪ রানে এগিয়ে আছে বিসিবি একাদশ। গতকাল সকালে বিসিবি একাদশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৩৪ রানে। পরে ৫৯.১ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২১০ রান তুলে দিনের খেলা শেষ করেছে ছত্তিশ গড় রাজ্য ক্রিকেট সংঘ। শশাঙ্ক ৫৪ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে লিড পেতে হলে আজ ম্যাচের চতুর্থ দিনে দ্রুত স্বাগতিকদের শেষ ছয় উইকেট তুলে নিতে হবে বিসিবি একাদশের বোলারদেরকে।
গতকাল আগের দিনের ৩ উইকেটে ২৫৪ রান নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসের স্কোরটা বড় করতে পারেনি মুমিনুল হকের দল। ৮০ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। গতকাল সকালে ১২ রান যোগ করেই ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। তিনি ৬২ রান করেন। একপ্রান্ত আগলে নাজমুল শান্ত ৩৯ রান করেন। উইকেটে থিতু হতে পারেননি নুরুল হাসান সোহান (১৫) ও আরিফুল হক (১২)। লোয়ার অর্ডারেও কেউ প্রতিরোধ গড়তে পারেননি।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় ছত্তিশ গড় রাজ্য ক্রিকেট সংঘ। ৯৪ রানের ওপেনিং জুটি ভেঙেছিলেন সানজামুল ইসলাম। ৪৭ রান করে নভোজিত সিং এলবির ফাঁদে পড়েন। ইনিংসের ২৬তম ওভারে সাইফ হাসান জোড়া শিকার করেন। পরপর দুই বলে দাহিলওয়াল (২) ও আমানদীপকে (০) ফেরান সাইফ হাসান। চতুর্থ উইকেটে ১০৫ রানের জুটি গড়েন ওপেনার রিসভ তিওয়ারি ও শশাঙ্ক। সেঞ্চুরি তুলে নেন রিসভ তিওয়ারি। ১০০ রান করে তিনি রানআউট হলে শেষ হয় দিনের খেলা।
