বাস শ্রমিকদের হামলা ও ভাঙচুর তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৪

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিকদের বিরুদ্ধে একটি সিএনটি চালিত অটোরিকশার বিক্রয় কেন্দ্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় শ্রমিকরা আটটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে। ভাঙচুরের ছবি ধারণ করার সময় শ্রমিকরা ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিলকে লাঞ্ছিত করেছে। সোমবার দুপুরে জেলা শহরের কোট বাজারে এ ঘটনা ঘটেছে।

তখন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা একটি বাসের কাচ ভাঙচুর করেছে। এর প্রতিবাদে ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করার দাবিতে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর হস্তক্ষেপে তিন ঘণ্টা পর বেলা তিনটায় বাস চলাচল শুরু করা হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাটি কাম্য নয়।