এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

‘রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে আমাদের খুঁজে পাওয়া যায় না’

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৭:০৭

আক্ষেপ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি। কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজেই পাওয়া যায় না।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আক্ষেপ প্রকাশ করেন।

পোস্টে তিনি কোলাজ করা একটি ছবি সংযুক্ত করেন। ওপরের ছবিটি হলো- আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে ফিরলে ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছবিতে দেখা যায়, বিমানবন্দরে অবতরণের পর ড.মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান সে সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ ও উমামা ফাতেমাসহ অনেককে দেখা যাচ্ছে।

নিচের ছবিটি হলো- গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক দলের নেতাদের দেখা যাচ্ছে।

ছবি দুটি পাশাপাশি যুক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, এই দেশে এখন পর্যন্ত চোখে দেখা যায় এমন একমাত্র সংস্কার হলো- এই ছবিতে যা দেখা যাচ্ছে। রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজেই পাওয়া যায় না।

জুলাই সনদ স্বাক্ষর হলেও এনসিপি অনুষ্ঠানে যোগ দেয়নি এবং স্বাক্ষর করেনি।

ইত্তেফাক/এমএএস