চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৫

চট্টগ্রাম অফিস

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি চট্টগ্রামে মশক নিধন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। এসময় কেমিক্যাল স্প্রে এবং ব্লিচিং পাউডার ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা প্রশাসক।

সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের নেতৃত্বে শোভাযাত্রায় নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মো. আবদুল মান্নান এই সময় বলেন, অ্যাডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে চট্টগ্রামসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে অকালে মৃত্যুবরণ করছে। অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। বাঁচতে হলে অ্যাডিস মশা নিয়মিত নিধন করতেই হবে। তিনি বলেন, ঘর ও আশপাশের যে কোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে অ্যাডিস মশার লার্ভা মরে যায়। ব্যবহূত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে পরিষ্কার করতে হবে। যে কোনো উপায়ে অ্যাডিস মশা ধ্বংস করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নূরুল আলম নিজামী, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্ত্তীসহ বিভাগীয় ও জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন, ফায়ার স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।