কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার একটি দল সোমবার দিনভর কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়, নিউমার্কেট, পুলিশ লাইন চৌমুহনী ও বাদশা মিয়ার বাজারে এ অভিযান চালায়। এসময় এক অভিযোগকারীর অভিযোগ প্রমাণিত হওয়ায় এক রেস্তোরাঁ মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঐ জরিমানার (চারের এক ভাগ) ৫০০ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, মূল্য তালিকা আপডেট না থাকায় মেসার্স শংকর স্টোরকে ২ হাজার টাকা, আল-আমিন খাজা স্টোরকে ৪ হাজার টাকা, অননুমোদিত বিদেশি পণ্য বিক্রয়ের কারণে ইত্যাদি স্টোরকে ২ হাজার টাকা, ক্ষতিকারক রং ব্যবহার করে বুরিন্দা (মিষ্টান্ন) তৈরি করে বিক্রয় করার কারণে আজমেরী হোটেলকে ৫ হাজার টাকাসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরোটা ও ডাল ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করার লিখিত অভিযোগের ভিত্ততে নগরীর পুলিশ লাইন চৌমুহনী এলাকার স্টার রেস্তোরাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক অভিযোগকারীকে ঐ জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৫০০ টাকা প্রদান করা হয়।
