চসিকের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা শুরু

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৫

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে গতকাল সোমবার থেকে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর আলকরণ মোড়ে চসিক জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের এই পরীক্ষা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগরীর ৪১টি ওয়ার্ডে জ্বরে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ডেঙ্গু এনএস ওয়ান, সিবিসি ও প্লাটিলেট পরীক্ষা করাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এছাড়া কারো জ্বর ও ডেঙ্গু লক্ষণ দেখা দিলে তাত্ক্ষণিক পার্শ্ববর্তী চিকিত্সা কেন্দ্রে চিকিত্সকের চিকিত্সা নেওয়ার পরামর্শ চসিকের। চসিক নগর এই স্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন সকাল ৮টা হতে বিকাল ২টা পর্যন্ত ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় চিকিত্সা ও পরামর্শ দেবে।

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে নগরবাসীকে আগাম সর্তক করতে জনসচেতনতামূলক যে কর্মসূচি চসিক গ্রহণ করেছে, সেই কর্মসূচিকে আরো বেগবান করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ প্রতিরোধ করা চসিকের একার পক্ষে সম্ভব নয়। ডেঙ্গু রোগ প্রাদুর্ভাব রোধে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। 

চসিক স্বাস্থ্য শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, ডা. ইসরাত জাহান জুলি, ডা. আশীষ মুর্খাজী, ডা. ইমাম হোসেন রানা প্রমুখ।