দাকোপ (খুলনা) সংবাদদাতা
মাদকের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দাকোপে থানা পুলিশ অভিযান চালিয়ে আবারও ছয় ব্যক্তিকে মাদকসহ (গাঁজা) গ্রেফতার করেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক ছয়টি মামলা দায়েরের পর তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। তারা হলেন—উপজেলার আনন্দনগর এলাকার মাদক ব্যবসায়ী নজরুল শেখ, ছোটো চালনার অসিকুল সরদার, বাজুয়া চুনকুঁড়ি এলাকার বিনয় দাস, একই এলাকার সরোজিত দাস, চুনকুঁড়ি এলাকার দিপ্ত রায় ও বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকার নজরুল শিকদার। থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক
দাকোপে জেলা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে দুইটি পাইপগান ও ১৪ রাউন্ড এলজি গুলিসহ সুন্দরবনের বনদস্যু জনাব বাহিনীর সদস্য ফারুক খাঁ নামে একজনকে গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা এলাকার আ. গফুর খাঁর ছেলে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের ওসি তোফায়েল আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খোনা এলাকার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেনের বুলবুল ইটভাটার সামনে থেকে আটক করে। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই লুত্ফর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে দাকোপ থানায় মামলা করেছেন।
জেলা ডিবি পুলিশের ওসি তোফায়েল আহম্মেদ বলেন, ফারুক সুন্দরবনের বনদস্যু জনাব বাহিনীর সদস্য। সে ওপর থেকে অস্ত্র গুলিসহ বিভিন্ন মালামাল সুন্দরবনে পাঠাত। তার নামে একাধিক মামলা রয়েছে।
