মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে সাপের দংশনে দুই জনের মৃত্যুর পর সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছয় গ্রামের মানুষের মাঝে। ইতিমধ্যে সাপের দংশনে আক্রান্ত হয়েছে ১৫ জন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সাসেবা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার রানীপুকুর এবং পায়রাবন্দ ইউনিয়নের ভক্তিপুর দোলাপাড়া, খাঁপুর, চুহড়, তাজনগর, গাছুয়াটারী গ্রামের মানুষের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে।
ভক্তিপুর দোলাপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে সালাউদ্দিন (১৮) পাটক্ষেতে কাজ করছিলেন ২১ জুলাই সকালে। এ সময় সাপে দংশন করে। ঐ রাতেই ঐ যুবকের মৃত্যু হয়। এ ঘটনার তিন দিন পর ২৪ জুলাই একই গ্রামের আলম মিয়ার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে রানা মিয়াকেও বিষাক্ত সাপ দংশন করে। নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় সাপের কামড়ের স্বীকার হয় ঐ ছাত্র। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেও মারা যায়।
মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. রেজাউল করিম সুমন বলেন, বর্ষাকালে মূলত সাপের উপদ্রপ বৃদ্ধি পায়। সাপ দংশন করলে তাকে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দিলে রোগী সুস্থ হয়ে উঠবে। সাপের ভয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
