দহগ্রাম আঙ্গরপোতা করিডোরে বিজিবি বিএসএফ বৈঠক

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৮

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

দহগ্রাম তিনবিঘা করিডর লিংকরোড সীমান্তের ওপর দিয়ে ফাইবার ক্যাবল টানতে চায় ভারত। এ নিয়ে করিডর সড়ক জিরো পয়েন্টে সোমবার সকালে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মুহিত উল আলম। ভারতীয় ছয় সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৪৫ জলপাইগুড়ি ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অধিনায়ক সুব্রত রায়।

ভারতীয় প্রতিনিধি দলে দহগ্রাম আঙ্গরপোতার পার্শ্ববর্তী ভারতীয় বিএসএফের অর্জুন, ভীম ও তিনবিঘা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও বাংলাদেশ বিজিবির পানবাড়ী, দহগ্রাম এবং আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদারা এ সময় উপস্থিত ছিলেন।

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মুহিত উল আলম বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে।