সরকার নার্ভাস হয়ে ডেঙ্গুকে গুজব বলছে: ড. মোশাররফ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার দেশ পরিচালনায় নার্ভাস হয়ে ডেঙ্গুকে বলছে গুজব। কোন স্বৈরাচার সরকার, কোন অস্বাভাবিক সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, এই সরকারও পারবে না। এই সরকার কিন্তু এখন নার্ভাস। বাংলাদেশে এখন যত সব ঘটনা ঘটছে, সব ঘটনা এই সরকারের ব্যর্থতার জন্য হচ্ছে। এই ব্যর্থতা কেন? যেহেতু এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না সেজন্য। জনগণের সাথে তাদের কোন সম্পৃক্ততা নাই। আর ব্যর্থতা ঢাকার জন্য সব দোষ চাপাতে চায় বিএনপির ওপর। কয়দিন আগে ডেঙ্গুকে বললো গুজব এখন বলে ভয়াবহ অবস্থা।

সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাসাস আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, সরকার তাদের ব্যর্থতা আড়াল করার জন্য কথায় কথায় সব ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা বন্যা এবং ডেঙ্গু জ্বর- দুটো মোকাবেলায় সরকার তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডেঙ্গু জ্বর এটা নতুন কিছু নয় আমিও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখনো ডেঙ্গু জ্বর হয়েছে কিন্তু, আমাদের পূর্ব প্রস্তুতি ছিল। কিন্তু, এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়র ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই ব্যর্থতা এবং অবহেলার কারণেই ডেঙ্গু জ্বর আজকে মহামারী আকার ধারণ করেছে।

আরো পড়ুন: ক্ষতিগ্রস্তকেই আদালতে এসে ক্ষতিপূরণ চাইতে হবে: হাইকোর্ট

প্রিয়া সাহার বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করে ড. মোশাররফ বলেন, এই যে প্রিয়া এত বড় মিথ্যাচার করল। এর জন্য অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সরকারের উচিত। প্রথম দিকে সরকারের মন্ত্রীরা ব্যবস্থা নেয়ার কথা বললেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা যদি বলি এর মধ্যে অবশ্যই কোন রহস্য আছে। প্রধানমন্ত্রী ধামাচাপা দিতে চাচ্ছেন। 

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহ্বয়ক মীর সানাউল হকের সভাপতিত্বে সমাবেশে জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকীস জাহান শিরীন, জাসাসের সহ-সভাপতি লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পা সিবা শানু প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এমআই