কার্গো ভিলেজ পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী, এখনো কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পরও ভবনের ভেতরে জায়গায় জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই ভবনটির চারপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

সকালে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ ভবনের সামনে সরেজমিনে দেখা যায়, প্রবেশপথে মোতায়েন রয়েছে বিমানবাহিনী, বিমান সিকিউরিটি ও আনসার সদস্যরা। দুটি গেটেই টানানো রয়েছে সাদা কাপড়ে লাল অক্ষরে লেখা সতর্কবার্তা—‘অনুগ্রহ করে বৈধ আইডি কার্ড প্রদর্শন করে প্রবেশ করুন – বিমান কর্তৃপক্ষ’।

কার্গো ভিলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমানবাহিনীর সদস্য রবিউল বলেন, ‘ভবনের ভেতর থেকে এখনো মাঝে মাঝে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেসব স্থানে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন।" তিনি আরও জানান, "এখন পর্যন্ত শুধু ফায়ার সার্ভিসের সদস্যদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।’

রবিউল আরও বলেন, ‘আমরা সকাল থেকে দায়িত্ব পালন করছি, তবে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এই দুই গেট দিয়ে প্রবেশ করেননি। প্রয়োজন হলে তারা ভবনের ভেতরের দিক দিয়ে ঢুকতে পারেন।’

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী দেলোয়ার হোসেন বলেন, ‘ভবনের বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আমরা ধাপে ধাপে তা নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঘটনার পর রোববার রাত পর্যন্ত কার্গো ভিলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও সোমবার সকাল থেকে এলাকাটি অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। নেই কোনো উত্তেজনা কিংবা ভিড়।

উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আমদানি কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সময় লাগে প্রায় ২৬ ঘণ্টা—রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

ইত্তেফাক/এএম