প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই গণমাধ্যমের বিকাশ হয়েছে —তথ্যমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:৫১

বাসস

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই প্রথম এদেশে বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দিয়েছেন।’

গণমাধ্যম সমাজের দর্পণ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক বিস্তার ঘটেছে। সমাজ যাতে সঠিকভাবে প্রবাহিত হয় এবং রাষ্ট্রগঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসাবে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সরকারের সঙ্গে গণমাধ্যমের কর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, একটি কুচক্রী মহল সরকারকে বেকায়দার ফেলতে নানাভাবে গুজব ছড়াচ্ছে। যারা স্বাধীনতা বিশ্বাস করে না, দেশের উন্নয়ন চায় না, সরকার যাতে দেশের মানুষের জন্য ভালোভাবে কাজ করতে না পারে তাই তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।

মতবিনিময় সভায় তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, সংগঠনের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।