সাংবাদিকের পা ভেঙে ফেলার হুমকি বিএনপি নেতার

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২২:০৫

গাজীপুরের শ্রীপুরে রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য অনুসন্ধানে গিয়ে এক সাংবাদিক হুমকির শিকার হয়েছেন। স্থানীয় এক বিএনপি নেতা ও তাঁর ছেলে ওই সাংবাদিককে পা ভেঙে ফেলার ও গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

হুমকির শিকার সাংবাদিকের নাম শিহাব খান। তিনি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের শ্রীপুর উপজেলা প্রতিনিধি।

অভিযুক্তরা হলেন- গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরে আলম (৫০) এবং তাঁর ছেলে মো. কাজল (২৮)। তারা গাজীপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

ফোন করে সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ডে শোনা যায়, সাংবাদিককে অকথ্য ভাষায় হুমকি দিচ্ছেন নুরে আলম। তিনি বলেন, ‘আপনে কে জানি? আমহেরা যে বাটপার অইছুইন না, এই এলাকায় ঢুকলে ঠেঙের নালা ভাইঙ্গালাম।...তর মতো সাংবাদিকরে আমি…যেহানই পায়াম তরে শ্রীপুর থানার মধ্যে, বাইরাইয়া ঠ্যাং ভাইঙ্গালাম।’ একপর্যায়ে মুঠোফোনে পাশে থাকা তাঁর ছেলে কাজল কথা বলেন। তিনিও সাংবাদিককে হুমকি দেন। কথাবার্তার একপর্যায়ে পাশে থাকা নুরে আলমকে বলতে শোনা যায়, ‘এই সাংবাদিক তো গণধোলাই চাইতাছে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি নেতা নুরে আলম দাবি করেন, তিনি সাংবাদিককে গালাগাল করেননি, কথা–কাটাকাটি হয়েছে। তিনি বলেন, ‘না, এমনেই কথা–কাটাকাটি হইছে আর কী। তারে হুমকি দেওয়া হয় নাই।’

সাংবাদিক শিহাব খান বলেন, শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নছুর পুকুর এলাকায় রাস্তা তৈরির অনিয়মের খবর পেয়ে তিনি সেখানে যান। অভিযোগ ছিল, একজন ব্যক্তির বাড়িতে যাতায়াতের রাস্তা তৈরি হচ্ছে ইউনিয়ন পরিষদের টাকায়। বিশেষ সুবিধা নিয়ে পুরো কাজ করে দিচ্ছেন ইউপি সদস্য ও বিএনপি নেতা নুরে আলম। তথ্য সংগ্রহ করে ফিরে আসার পর বেলা ১টা ১৯ মিনিটে তাকে ফোন করে হুমকি দিয়েছেন ওই ইউপি সদস্য ও তার ছেলে। পরে এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক গণমাধ্যমকে বলেন, অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি