কিশোর গ্যাং ‘লাড়া দে’ ও ‘লেভেল হাই’

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:৫২

২২ সদস্য গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘লাড়া দে’ ও ‘লেভেল হাই’ নামে দুই কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আট জন পুলিশের তালিকাভুক্ত অপরাধী। রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকালে শ্যামলী খেলার মাঠে পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সচেতন করতে একটি বৈঠকের আয়োজন করেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান। 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, মোহাম্মদপুর এলাকায় ‘লাড়া দে’ ও ‘লেভেল হাই’ নামে দুইটি কিশোর গ্যাং আইনবিরোধী নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে আট জন রয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এরা হলো—জিসান, হূদয়, শাকিল, অভিক, ডি কে সানি, নাঈম, মানিক ও মীম। এদের কারো কারো বিরুদ্ধে মাদক বিক্রি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বাকি ১৪ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদেরকে ডিএমপি অধ্যাদেশে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠায়।

উপ-কমিশনার আনিসুর রহমান আরো বলেন, কিশোর সন্তানদের ব্যাপারে অভিভাবকরা খোঁজখবর রাখেন না। তারা কখন স্কুলে যাচ্ছে, কোথায় আড্ডা দিচ্ছে, কোন কোন বন্ধুদের সঙ্গে ওঠাবসা করছে, স্কুল ও কোচিং শেষে বাসায় কখন ফিরে আসছে—এসব বিষয়ে অভিভাবকদের খোঁজখবর নেওয়া প্রয়োজন। ঘরে যদি কিশোরদের সঠিকভাবে যত্ন নেওয়া যায়, তাহলে তারা বিপথে পা বাড়াবে না।