ইত্তেফাক রিপোর্ট
নাগরিক ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও সিটি করপোরেশনের দুই মেয়র মশা মারার নাটক করছে। কোনো কিছুতে ব্যর্থ হলেই প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দলটি বলেছে, ‘মশা মারতে হবে’—প্রধানমন্ত্রীর এই ধরনের কোনো নির্দেশের জন্য অপেক্ষা করে অকালকুষ্মাণ্ডরা। গতকাল সোমবার দলের এক জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সভায় পত্রপত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। যদিও সরকার বলছে মাত্র পাঁচ জন, কিন্তু পত্রিকান্তরে খবরে প্রকাশ এ পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে আরো ২১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সভায় বলা হয়, এ কথা নিশ্চিত করেই বলা যায়—এ সরকারের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। এরা এখন পর্যন্ত মশা মারার ওষুধ আমদানি করতে পারেনি, কিন্তু মশা মারার নাটক করছে।
