ফুলবাড়িয়ায় অজ্ঞাত রোগে তিন গাভীর মৃত্যু, এলাকায় আতঙ্ক

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৭:৫৫

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট দরগাচালা গ্রামে অজ্ঞাত রোগে তিনটি গাভীর মৃত্যু হয়েছে। মৃত গাভীগুলো গর্ভবতী ছিল। এ নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাতিলেইট দরগাচালা গ্রামের আলহাজ আলাল উদ্দিনের একটি গর্ভবতী গরু মারা যায়।

আলাল উদ্দিন জানান, গত বৃহস্পতিবার থেকে তার গর্ভবতী গাভী কম খাওয়া শুরু করে এবং মুখ দিয়ে লালা পড়তে থাকে। স্থানীয় পল্লী চিকিৎসক খাইরুল গাভীটির চিকিৎসা করেন। শুক্রবার থেকে গাভীটির আচরণ অস্বাভাবিক হয়ে যায়। গাভীটি দুই পা দিয়ে মাটি উপরে ফেলে এবং মানুষ দেখলে হিংস্র হয়ে আক্রমণ করার চেষ্টা করতো।

কিন্তু রোগের সঠিক কারণ শনাক্ত করতে পারেনি চিকিৎসক। সোমবার দুপুর ১২টার দিকে গাভীটি মারা যায়। গাভীটির মূল্য প্রায় এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা হতো। কয়েক দিনের মধ্যে বাছুর প্রসব করার কথা ছিল গাভীটির।

এর এক সপ্তাহ আগে তিন থেকে চার দিনের ব্যবধানে একই রোগে রহুল আমীনের গর্ভবতী গরু মারা যায়। শনিবার আব্দুল লতিফের গর্ভবতী গরুও মৃত্যুবরণ করে।

স্থানীয় আনোয়ার হোসেন জানান, তিন-চার দিনের ব্যবধানে একই রকম অজ্ঞাত রোগে তিনটি গর্ভবতী গরুর মৃত্যু এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাণিসম্পদ বিভাগের কেউ বিষয়টি খেয়াল করেনি।

ইত্তেফাক/এএইচপি