ওবায়দুল কাদেরকে ফোন করে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২২:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা দলীয়ভাবে তিন দিনের জনসচেতনতামূলক কর্মসূচি পালন করব। ৩১ জুলাই থেকে সারাদেশে এ কর্মসূচি পালিত হবে।’ তিনি বলেন, ‘সরকার ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। আমরা সমন্বিতভাবে চেষ্টা করে ডেঙ্গুকে প্রতিরোধ করব এবং বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনব।’ গতকাল সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রায় ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে আমাদের করণীয় আছে। শুধু সরকারি দায়িত্ব পালনের মধ্যে আমাদের কর্মকাণ্ড সীমিত রাখতে চাই না। দলীয়ভাবে আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি—তিন দিনব্যাপী সচেতনতামূলক, সতর্কতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পালন করব। আগামী ৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে। এর সঙ্গে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হবে। এটা আমাদের দলীয় প্রধানের নির্দেশে দলীয় কর্মসূচি।’

জানা গেছে, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক চলাকালীন লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন। পরে মোবাইল ফোনের লাউড স্পিকারে মাধ্যমে বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দলীয় কর্মসূচি নির্ধারণ করার জন্য নেতাদের নির্দেশ দেন।

ডেঙ্গু বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের বেফাঁস মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের (দুই মেয়র) যা বলা প্রয়োজন ছিল তা বলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিদিনই দুই মেয়রের সঙ্গে কথা বলছেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। যখন যার সঙ্গে কথা বলা দরকার বলছেন। তাদের কথাবার্তায় স্লিপ হতে পারে। তারাও তো মানুষ। তবে তাদের আন্তরিকতা আছে। ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গুর বিষয়ে আমরা সবাই সচেতন। প্রথম দিকে এতটা প্রকট হবে, এটা হয়তো কেউ ভাবেনি। যখন এর বিস্তার ভয়াবহ পর্যায়ে চলে এসেছে তখন কিন্তু আমরা কেউ নিষ্ক্রিয় থাকিনি। দলীয়ভাবে চেষ্টা করছি। আমাদের প্রধানমন্ত্রী চিকিত্সার জন্য লন্ডনে আছেন। চিকিত্সার ব্যাপারটা গুরুত্বপূর্ণ না হলে এই মুহূর্তে বিদেশে থাকার কথা নয়। তিনি আমাদের সম্পাদকমণ্ডলীর সভা চলাকালেও ফোন করে নির্দেশনা দিয়েছেন। দুই মেয়রের সঙ্গে প্রতিনিয়তই টেলিফোনে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন।’

‘ডেঙ্গু নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল’—ডাক্তারদের এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘ডেঙ্গুর যে ভয়, সে ভয়কে আমরা জয় করব বলে বিশ্বাস করি।’ অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন ওষুধ পড়ে থাকার কারণে ওষুধের কার্যকারিতা হারাতে পারে, এর জন্যই কার্যকর ওষুধ প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের ছয়টি টিম কার্যক্রম অব্যাহত রেখেছে। পুনর্বাসন পর্যন্ত থাকবে। শুধু বন্যা চলাকালে নয়, বন্যা-পরবর্তী পুনর্বাসন পর্যন্ত মাঠে থাকব। পুনর্বাসন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে থাকবে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের শোকজ, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত বলবত্ আছে। তিনি বলেন, ‘বন্যার কারণে আমরা যাচাই-বাছাইয়ের জন্য সময় নিচ্ছি। প্রক্রিয়াটা কোনোভাবেই স্থগিত বা বাদ হচ্ছে না। এটা প্রক্রিয়াধীন আছে, প্রক্রিয়া শেষ হলে আমরা ইমপ্লিমেনটেশনে যাব।’

একজন সরকারি কর্মকর্তার গাড়ির অপেক্ষায় মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখায় অ্যাম্বুলেন্সে থাকা এক স্কুলছাত্রের মৃত্যু নিয়ে করা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যে যত প্রভাবশালীই হোক না কেন, আমাদের বা সরকারে হোক না কেন, অন্যায় করে পার পাবে না। প্রত্যেকটা বিষয় তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করে তার শাস্তি হতেই হবে।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ­ব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।