ডেঙ্গু নিয়ে হাসিঠাট্টা নয় :অর্থমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২২:০৬

ডেঙ্গু নিয়ে হাসিঠাট্টা না করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, অ্যাডিস মশা কামড়ালে জ্বর আসার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। আমার হয়েছিল তাই আমি বুঝি।

তিনি বলেন, ডেঙ্গু হলে চিকিত্সা করাতে হবে। ভয় না পেয়ে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিতে হবে। শুধু পানি জাতীয় খাবার খাওয়া এবং জ্বর পরীক্ষা দ্রুত করতে হবে। গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি  বলেন, এই জ্বরে বারবার প্লাটিলেট পরীক্ষা করতে হবে। এ বিপদ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এর প্রকোপ থেকে দেশকে রক্ষা করতে হবে। অন্য দেশে কী হচ্ছে সেটাও দেখা উচিত।

অর্থমন্ত্রী বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্য অ্যাডিস মশা বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের জলবায়ু থাকবে। এ মশা বেশি ঠান্ডা ও বেশি গরমে মারা যায়। ২৫ থেকে ২৯ ডিগ্রি তাপমাত্রায় অ্যাডিস মশা বেশি হয়। একই সঙ্গে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রভাবেও অ্যাডিস মশার প্রাদুর্ভাব বেড়েছে।

মশা মারার ওষুধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্য এটা হচ্ছে। সব দেশেই একই অবস্থা। ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো  দেশেও ডেঙ্গু হয়। আমাদের  দেশে না হয় ওষুধে কাজ করে না কিন্তু  সেখানেও তো ওষুধ দেওয়া হয়। তাহলে তাদের ওষুধ কেন কাজ করে না।