চলে গেলেন দেশের প্রথম ক্রিকেট অধিনায়ক শামীম কবির

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২২:০৭

স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের ক্রিকেটের ঊষালগ্নের সেনাপতি শামীম কবির। এই তো গত শনিবার বোর্ড সভায় তার চিকিত্সা ব্যয় বহনের ঘোষণা দিয়েছিল বিসিবি। সেই ঘোষণার ৪৮ ঘণ্টা পার না হতেই পরপারে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। গতকাল সকালে ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি.......রাজিউন)। দুরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৭৭ সালের জানুয়ারিতে এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) দলের বিপক্ষে তত্কালীন বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন শামীম কবির। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) অনুষ্ঠিত ঐ ম্যাচই ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ।

এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল পেয়েছে ২০ জন অধিনায়ক। তাদের অগ্রপথিক ছিলেন শামীম কবির। ১৯৪৫ সালে জন্ম নেওয়া এই উইকেটকিপার ও ওপেনিং ব্যাটসম্যান ১৯৬১ থেকে ১৯৬৯ সালে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। পূর্ব পাকিস্তান, পূর্বাঞ্চল ও ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলেছিলেন তিনি। ১৯৮২, ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছিলেন।

দেশের প্রথম অধিনায়কের প্রয়াণের খবরে শোকাহত দেশের ক্রিকেটাঙ্গন। বর্ষীয়ান ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শামীম ভাই মানে ক্রিকেটের অকৃত্রিম প্রতিকৃতি। আমাদের ক্রিকেট ইতিহাসের প্রথম অধ্যায়ের অগ্রনায়ক।’