মশা মারার কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করুন :নাসিম

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২২:০৭

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সমন্বিতভাবে সেন্ট্রাল কন্ট্রোল রুম গঠন করে মশা মারার কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করার জন্য এলজিআরডি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণ-আজাদী লীগের উদ্যোগে আয়োজিত ‘গুজব, ডেঙ্গু ও সামাজিক অবক্ষয় রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত অ্যাডিস মশার উত্সস্থল ধ্বংসের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা-কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং অ্যাডিস মশার উত্সস্থল ধ্বংস করার কাজে অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

এলজিআরডি মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম আরো বলেন, ডেঙ্গু বিস্তারের কারণে মানুষ এখন আতঙ্কিত ও উদ্বিগ্ন। হাসপাতালে জায়গা নেই, প্রতিদিন বাড়ছে রোগী। জেলা-থানা পর্যায়েও ডেঙ্গু চলে যাচ্ছে। তাই আপনারা দুই মেয়রকে নিয়ে বসে সমন্বিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। দ্রুত ওভারসাইট কমিটি গঠন করুন। ওষুধ অকার্যকর হলে কার্যকর ওষুধ আনছেন না কেন? প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত মশা মারার অভিযানে যান। সেন্ট্রাল কন্ট্রোম রুমের মাধ্যমে মশা মারার কার্যক্রম মনিটরিং করা হলে দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

গণ-আজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান আতা প্রমুখ বক্তব্য রাখেন।