অবশেষে অবসরপ্রাপ্ত ডিআইজি (প্রিজন্স) শেখ আব্দুল অমিক ‘নিখোঁজ’ হওয়ার ২৪ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ৭০, তালুকদার স্টেটের ৬/ডি-২ নম্বর ফ্ল্যাট থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কে বা কারা আটক করে নিয়ে যায়। শেখ আব্দুল অমিক কারা অধিদপ্তরের ডিআইজি (প্রিজন্স) হিসাবে অবসরে যান ২০১২ সালে।
পুলিশের অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় ভিন্ন নামে একটি আইডি খুলে প্রশাসন, সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক, ভুয়া, মিথ্যা বানোয়াট পোস্টের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন কারণে শাস্তিপ্রাপ্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে কারা বিদ্রোহ করার চেষ্টা করছেন। তিনি ফেসবুকে তার আইডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সরকার বিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন বলে অভিযোগ করা হয়।
তবে এসব বিষয়ে অমিকের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার স্ত্রী রুখসানা অমিক অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সাজানো এবং মিথ্যা। তার স্বামীকে একটি চক্র মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিয়েছে।
সূত্র মতে, সম্প্রতি শেখ আব্দুল অমিক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের বিরুদ্ধে অসাংবিধানিক আদেশ জারির কারণে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন। মামলাটি বর্তমানে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে বিচারাধীন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে কারা মহাপরিদর্শক শেখ আব্দুল অমিককে দেশের সব কারাগারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। এই আদেশকে বাদী অসাংবিধানিক ও মানহানিকর হিসেবে অভিহিত করে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন। আদালত এর মধ্যে বিবাদীর প্রতি সমন জারি করেছেন। পরিবারের সদস্যরা মনে করছেন, মানহানির মামলার জের ধরেই এ ধরনের ঘটনা ঘটতে পারে।
গতকাল বুধবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের এসআই জাহিদ হাসান বাদী হয়ে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় শেখ আব্দুল অমিককে প্রধান আসামি করা হয়। পরে সন্ধ্যার দিকে এই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর শেখ আব্দুল অমিককে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনের ডিসি মো. মোস্তাক সরকার বলেন, সন্ত্রাস বিরোধী আইনে আব্দুল অমিককে গতকাল তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালত কারাগারে পাঠিয়েছে।
