হবিগঞ্জের চুনারুঘাটে লালচান চা-বাগান ম্যানেজার বাংলোতে অস্ত্রধারী ‘হাফপ্যান্ট’ পরা ডাকাতরা হানা দিয়ে ম্যানেজারসহ ২ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রবিবার ভোররাতে উপজেলার শানখলা ইউনিয়নের লালচান বাগানে এ ঘটনা ঘটে। জানা যায়, উল্লেখিত সময়ে ওই বাগানের ম্যানেজার বাংলোতে ১০/১২ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা প্রথমে বাংলোর পাহারাদার মরতুজ মিয়া, আওয়াল মিয়া ও হুসেন আলীকে বেঁধে মারপিট করে। পরে ডাকাতদল বাংলোর চারটি চার্জলাইট অফ করে দেয়। মূলগেইট ভেঙে ঘরে ভেতরে প্রবেশ করে ম্যানেজার মোফাজ্জল হোসেনের কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্র ঠেকিয়ে তার বাবাকে ডাকতে বলে। মেয়ের চিত্কার শুনে বাবা দরজা খুলে মেয়েকে রুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে শুরু করে। ডাকাতরা দরজার বাহিরে থেকে ম্যানেজার মোফাজ্জলের নিকট টাকা পয়সা ও সোনা গহনা চায়। বাংলোতে টাকা পয়সা ও সোনা গহনা নেই বলে জানাতেই ডাকাতরা তার ওপর হামলা চালায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
