কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের মান্দাঈল বাজার এলাকায় গত বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মো. আলমগীর হোসেন (৪০) গতকাল সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী অগ্নিদগ্ধ বীণা আক্তার (৩০) আশঙ্কাজনক অবস্থায় এখনো ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন।
নিহত আলমগীর হোসেনের বড়ো ভাই স্বাধীন হোসেন জানান, গত বৃহস্পতিবার মান্দাইল বাজার এলাকায় তাদের বাড়িতে ঐ দুর্ঘটনা ঘটে। সেদিন দুপুর ২টার দিকে আলমগীরের স্ত্রী রান্নাঘরে রান্না করছিলেন। পাশে বসে ধূমপান করছিলেন আলমগীর। এ সময় গ্যাস সিলিন্ডারের আগুনে স্ত্রী বীণার শরীরে আগুন ধরে গেলে আলমগীর তার স্ত্রীকে বাঁচাতে যান। তখন আলমগীরও দগ্ধ হন। একপর্যায়ে তাদের চিত্কারে বাড়ির লোকজন ছুটে আসে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বীণা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
