ভিডিও বার্তায় আইনি নোটিশ ছিঁড়লেন পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিক

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্স। ২০২১ সালের আসরে চ্যাম্পিয়ন হয় দলটি। মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজির মালিক আলি খান তারিন সম্প্রতি পিএসএল নিয়ে সমালোচনা করেন। এর জেরে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। পরে এক ভিডিওতে এসে তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেছেন।

পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় আলি খান তারিনের বিরুদ্ধে। ক্ষমা না চাইলে সেই চুক্তি বাতিলের পাশাপাশি কালো তালিকাভুক্তির হুমকি দেওয়া হয়।

পিসিবির এমন নোটিশ পেয়ে হতাশা প্রকাশ করে লতান সুলতান্সের মালিক বলেন, ‘আমি পিসিবি থেকে সমস্যা সমাধানে কখনোই একটি সিঙ্গেল কল, মেসেজ, ই-মেইল কিংবা আমন্ত্রণ পাইনি। তার পরিবর্তে আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো। যদি আপনারা এতটাই সামর্থ্যবান হয়ে থাকেন, তাহলে জানার কথা যে, এভাবে বিষয়টি হ্যান্ডেল করা উচিত নয়।’

আলি খান তারিন আরও বলেন, ‘পিএসএল ম্যানেজমেন্ট ঘিরে রয়েছে কতগুলো “ইয়েস-ম্যান” (সহমত পোষণ করা ব্যক্তি) লোক। যারা কোনো সমালোচনা গ্রহণ করতে রাজি নয়। যদিও সব সময় বলে আসছে লিগটি ক্রিকেটভক্ত এবং পুরো পাকিস্তানের জন্য, ম্যানেজমেন্টের কর্তা-ব্যক্তিদের কথামতো চলবে না’

এই ভিডিও বার্তার শেষ দিকে পিসিবির দেওয়া আইনি নোটিশ ছিড়ে ফেলেন আলি খান তারিন। তিনি বলেন, ‘আমাকে ডাকুন, চা-বিস্কুটের প্রস্তাব দিন এবং এরপর একসঙ্গে কথা বলা যাবে। এভাবে প্রকাশ্যে সমালোচনার বিষয় সমাধান এবং লিগের উন্নতিতে কাজ করা যাবে। (লিগ্যাল নোটিশ ছিঁড়তে ছিঁড়তে) আশা করি আপনারা আমার ক্ষমা প্রার্থনার ভিডিওটি পছন্দ করবেন।’

 

ইত্তেফাক/জেডএইচ