বরিশালে তিন শতাধিক যাত্রীসহ লঞ্চ চরে আটকা

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০০:১৮

ঢাকা থেকে পটুয়াখালী গামী এমভি জামাল ৫ নামের একটি লঞ্চ তিন শতাধিক যাত্রী নিয়ে মেহেন্দিগঞ্জের চরে আটকা পড়ে। রবিবার দিবাগত রাত ১টার দিকে লঞ্চটি চরে আটক পড়ার ২৮ ঘণ্টা পর গতকাল সোমবার বিকেল ৪টার দিকে অপর একটি লঞ্চ এমভি চন্দ্রদ্বীপে করে যাত্রী পাঠানোর ব্যবস্থা করে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন। পটুয়াখালী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, পটুয়াখালীগামী এমভি জামাল নামক যাত্রীবাহী লঞ্চটি রবিবার দিবাগত রাত ১টার দিকে মেহেন্দিগঞ্জের পাতারহাট সংলগ্ন দেওয়ানবাড়ি ইলিশা ঘাট এলাকার চরে আটকা পড়ে।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় বিকল্প ব্যবস্থায় এমভি চন্দ্রদ্বীপ নামক লঞ্চে যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করে।