রাসেলকে আরো ৫ লাখ টাকার চেক দিল গ্রিন লাইন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০০:২৪

হাইকোর্টের নির্দেশে দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে আরো পাঁচ লাখ টাকার চেক দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। গতকাল সোমবার আদালতে রাসেলের হাতে ওই চেক তুলে দেন গ্রিন লাইনের আইনজীবী। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী ১৭ অক্টোবর এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

গ্রিন লাইনের আইনজীবীকে আদালত বলেন, মাসিক কিস্তির অর্থ পরিশোধের আদেশ বহাল থাকবে। এভাবে কিস্তির টাকা পরিশোধ করে যাবেন।

গ্রীন লাইনের বাসের চাপায় পা হারান রাসেল। পরে এ ঘটনায় করা রিট মামলায় হাইকোর্ট ক্ষতিপূরণ হিসেবে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে পরিবহন কোম্পানিকে নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক ১০ লাখ টাকা পরিশোধ করল গ্রিন লাইন পরিবহন। বাকি ৪০ লাখ টাকা কিস্তিতে দিতে হবে।