রংপুর চিড়িয়াখানার বিনোদন ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৯:১৭

রংপুর চিড়িয়াখানার শিশু পার্কে ট্রেনের চাকার নিচে চাপা পড়ে এক শিশুর (৭) মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে পার্কে ঘুরতে আসে। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশু পার্কের চলন্ত ট্রেনের নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর শিশুটির বাবা লাশ নিয়ে হাসপাতাল থেকে চলে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বাড়ি লালমনিরহাট জেলায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, “দুপুরের দিকে চিড়িয়াখানার শিশু পার্কে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটির নাম-পরিচয় এখনও জানা যায়নি।”

ইত্তেফাক/এএম