উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ‘ভিআইপি সুবিধা’ দেওয়ার নামে ফেরিযাত্রা আটকে রাখায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি অবিলম্বে নিহত তিতাস ঘোষের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ ও সংশ্লিষ্ট দায়ীদের জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানিয়েছে সংস্থাটি। এছাড়া ভিআইপি সুবিধার নামে জনগণের নিরাপত্তা ঝুঁকিসহ বহুবিধ হয়রানি বন্ধে এ ধরনের সুযোগ-সুবিধার সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদ সচিবালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জরুরি চিকিত্সার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অথচ এই দায়িত্বের সম্পূর্ণ অবহেলা করে ভিআইপি সুবিধার নামে ক্ষমতার অপব্যবহারের কারণে যেভাবে তিতাসের অকাল মৃত্যু হলো তা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, আমরা আশা করি, এ দুঃখজনক ঘটনায় জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় এনে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত গ্রহণ করে সরকার তা জনসাধারণকে অবহিত করবে।
