দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। জেলাগুলো হচ্ছে গোপালগঞ্জ, হবিগঞ্জ, নড়াইল ও ঝালকাঠি। ইত্তেফাকের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের উপর বাস উল্টে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা-খুলনা মহা-সড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত বাসযাত্রীরা হলেন, নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৭০), কিবরিয়া মোল্লা (৫০), ও চাঁনমিয়া (৩২) একই থানার যোগানিয়া গ্রামর লোকমান মিয়া (৬০)।
অন্যদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের কলিমনগরে দাড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশার সংঘর্ষে আক্কাছ মিয়া (২০) নামের এক সিএনজি যাত্রী মারা গেছেন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের আব্দুর রহিমের পুত্র।
পৃথক ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল তিনটার দিকে খুলনা-বড়দিয়া সড়কের উপজেলার পাটনা নামকস্থানে মোটরসাইকেল চালক জুয়েল শেখ (৩৫) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাঁদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে গ্রামবাসীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষনা করেন।
এছাড়া, ঝালকাঠির নলছিটিতে অটোরিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া বাজার - চাকলা সড়কের মো. শহিদুল ইসলাম মেম্বার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাজ্জাদ তাহা। সে প্রেমহার গ্রামের জাহিদ জোমাদ্দারের ছেলে।
সাভারে মানববন্ধন: এদিকে, ঢাকার সাভারে শ্যামলী পরিবহনের বাস চাপায় সজিব আহম্মেদ নামে বিকেএসপি স্কুলের সাবেক এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দুটি বাস ভাংচুর করে। গতকাল সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নবীনগর-চন্দ া মহাসড়কের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে আশুলিয়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নবীনগর-চন্দ া মহাসড়কের জিরানী বিকেএসপি গেটের সামনে দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সজীবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
