বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী ৭ আগষ্ট ভারত সফরে যাবেন। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনায় সন্ত্রাসবিরোধী সহযোগিতাই বেশি গুরুত্ব পাবে। দুই মাস আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই হবে অমিত শাহের বিদেশি কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাত্। ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, ৭ আগষ্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। সন্ত্রাসবিরোধী সহযোগিতা ছাড়াও আলোচনায় অবৈধ অভিবাসী, গবাদি পশু ও অস্ত্র পাচারের বিষয়টি স্থান পাবে। এছাড়া যুবকদের জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়া এবং রোহিঙ্গা ইস্যুটি দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনায় আসবে বলে জানা গেছে।
