সময়ের সঙ্গে দুনীর্তির ধরণ পরিবর্তন হচ্ছে: দুদক চেয়ারম্যান

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ২১:২১

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, সময়ের সঙ্গে দুনীর্তির ধরণ পরিবর্তন হচ্ছে। যতই দিন যাচ্ছে, ততই দুনীর্তি বাড়ছে, দুনীর্তির ধরণ পরিবর্তন হচ্ছে। মানুষ পারাপার করেও টাকা আদায় করা যায়, দুনীর্তি করা যায় তা এই যশোরে এসে শুনলাম।

রোববার (২৬ অক্টোবর) যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানির সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারের দোসর ও বিভিন্ন মামলার আসামি যশোরের রাজনৈতিক এলিটদের মাধ্যমে ভারতে পার হয়েছে এবং হচ্ছে। এতে রাষ্ট্রের প্রত্যাশা বিঘ্নিত হচ্ছে। এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেটা খেয়াল রাখতে হবে।

দুর্নীতির কারণেই বিগত সরকারের পতন হয়েছে উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, সামনে নির্বাচন, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। এজন্য সবার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। দেশটাকে ভালো রাখতে সৎ প্রার্থীকে বাছাই করতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি ১৫ বছরের ইতিহাস দেখি, সরকারের রন্ধ্রে রন্ধ্রে ছিলো দুনীর্তি। বিগত সরকারের এই অবস্থা হওয়ার পিছনে ছিলো দুর্নীতি। ফলে দুনীর্তিগ্রস্তকে বেছে নিবেন না। সেটিই হবে রাষ্ট্রের প্রতি সুবিচার। আশাকরি যশোর থেকেই এ যাত্রাটা শুরু হবে।

ইত্তেফাক/এমএএস