ট্রফি হারালেও জয়ে শেষ আবাহনীর

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০১:০০

হ্যাটট্রিক শিরোপার হাতছানি ছিল গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর। দ্বিতীয়বারের মতো পেশাদার ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানে নেমে শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে এবারের প্রিমিয়ার ফুটবল লিগ শেষ করতে হলো আবাহনীকে। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের শেষ খেলায় ৪-১ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে সবার আগে লিগ শেষ করল তারা।

বসুন্ধরার কাছে শিরোপা হাতছাড়া হলেও বড়ো ব্যবধানে জিতে দারুণ খুশি ফুটবলাররা। জীবন দুটি এবং সানডে ও সোহেল একটি করে গোল দেন। জীবনের গোল ১৬টি। শেখ জামালের পাওয়া গোলটি আবাহনীরই করা, আত্মঘাতী।  একটা করে গোল করেছে আর মহা আনন্দ করেছেন ফুটবলাররা। গোল-উত্সব দেখে বোঝার উপায় ছিল না তাদের দল শিরোপা হারিয়েছে। ২৪ খেলায় আবাহনীর ১৯ জয়, ১ ড্র এবং ৪ হারে (৬০ গোল দিয়ে ২৮ গোল হজম করে) ৫৮ পয়েন্ট। প্রিমিয়ার ফুটবল শুরু হয়েছিল ২০০৭ সালে। প্রথম তিন আসরেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় আবাহনী। এ পর্যন্ত অনুষ্ঠিত ১১টি লিগে আবাহনী চ্যাম্পিয়ন হয় ছয়বার, রানার্সআপ দুইবার।

স্বাধীনতা কাপে ফাইনাল খেলে বসুন্ধরার কাছে হেরেছিল। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। প্রিমিয়ার লিগে এসে আবাহনী  দুইবার বসুন্ধরার কাছে হেরে ৬ পয়েন্ট খোয়ায়। শিরোপার প্রতিদ্বন্দ্বী একটা দল যদি আরেকটার কাছে ৬ পয়েন্ট হারায়, তাদের পক্ষে লিগ শিরোপা জয় করা কঠিন।

আবাহনী এছাড়া হেরেছে শেখ রাসেলের কাছে। সমর্থকদের সবচেয়ে খারাপ দিন গেছে রেলিগেশন লড়াইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের ভঙ্গুর দলের কাছে ৪-০ গোলের হারে। ফুটবলের আগের জোয়ার থাকলে সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ত, এটা নিশ্চিত। হারতে হারতে মোহামেডান সমর্থকদের যেমন গায়ে সয়ে গেছে, আবাহনীর বেলায়ও তাই। বড়ো বাজেটে দল গড়ে বসুন্ধরা কিংস বিশ্বকাপ ফুটবল খেলা কোস্টারিকার কলিন্দ্রেসকে আনল। আগামী মৌসুমের জন্য তাকে আগাম চুক্তিও করে রাখল। আবাহনী আফগানিস্তানের সাইঘানিকে রাখতে পারল না। অথচ এই সাইঘানি ডিফেন্ডার হয়েও আক্রমণভাগেও ছিলেন দুর্দান্ত। এএফসি কাপ ফুটবলে আবাহনীকে দুই ম্যাচ জিতিয়েছেন তিনি। আগামী মৌসুমে থাকছেন না সাইঘানি।    

ঢাকায় উত্সবের  অপেক্ষায় বসুন্ধরা

প্রিমিয়ার ফুটবল লিগে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে বসুন্ধরা কিংস এখন ঢাকায় উত্সবের অপেক্ষায়। দুই ম্যাচের প্রথমটিতে জয় পেয়ে ঢাকার বাইরের ভেন্যুগুলো খেলা শেষ করেছে দলটি। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অধিনায়ক কলিন্দ্রেসের জোড়া গোলে বসুন্ধরা (২-০) সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট বসুন্ধরার। ঢাকার মাঠে ৩ আগস্ট বসুন্ধরার শেষ লড়াই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সেদিনই আতশবাজির বর্ণিল উত্সবে আকাশ রাঙাতে চায় নতুন লিগ চ্যাম্পিয়নরা। সাইফ ২৩ খেলায় ৪৪ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। শেষ খেলায় হারলেও তাই থাকবে। কাল রাতে সিলেটে অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে শেখ রাসেল রহমতগঞ্জ ২-২ গোলে ড্র হয়েছে।

আজকের খেলা :ব্রাদার্স ও বিজেএমসি। সন্ধ্যা ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।