বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়ায় ভারতের ক্রিকেট নির্বাচকদের সমালোচনা করলেন সুনীল গাভাস্কার। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে গতকাল রওয়ানা হওয়ার আগে এ ব্যাপারে কথা বলেন গাভাস্কার।
কোহলির নেতৃত্বে ভারতীয় দলের গতকাল রাতেই এ সফরের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও ভারত ৩ ও ৪ আগস্ট প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে। এরপর ৬ আগস্ট অ্যান্টিগায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে কোহলির দল। ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার মুম্বাইয়ের মিডডে পত্রিকায় লেখা তার কলামে নির্বাচক কমিটি কেন কোহলির অবস্থান মূল্যায়ন করল না, তা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে এটা বিধিসম্মত হয়নি।
গত সপ্তাহেই নির্বাচকরা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল ঘোষণা করে। এতে কোহলিকেই তিন ঘরানার ক্রিকেটের জন্য অধিনায়ক হিসেবে রেখে দেন। যদিও এর আগে গুঞ্জরন ছিল যে তাকে হয়তো ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হবে।
বর্তমানে ৭০ বছর বয়সি গাভাস্কার লেখেন,‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী কোহলির নিয়োগ ছিল বিশ্বকাপ পর্যন্ত। এরপর নির্বাচকদের স্বাভাবিক কাজ ছিল অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও তার নিয়োগ নিয়ে বৈঠকে বসা।’ গাভাস্কার আরো লেখেন,‘তারা অধিনায়ক নির্বাচনের জন্য প্রথমে বৈঠক না করেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করল। এ থেকে প্রশ্ন দেখা দেয় বিরাট কোহলিকে দলটির অধিনায়ক করা কি তার না নির্বাচকদের ইচ্ছেয় করা হলো।’
সাবেক এই অধিনায়ক এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে ‘কার্যকারিতাহীন’ বলে অভিহিত করেন। যদিও এই নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়ে আসছে। সংগত কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন নির্বাচক কমিটি গঠন করবে। ভারতীয় বোর্ড অবশ্য হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচের পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে। তবে সেদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরাদিতে আভাস দেওয়া হয়েছে রবি শাস্ত্রিই হেড কোচ হিসেবে অব্যাহত থাকবেন।
