জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চলের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার নারায়নপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া, সরিষাবাড়ী উপজেলার সানাকুর গ্রামের হায়দর আলীর ছেলে রাশেদ মিয়া, উচ্চগ্রামের শরীফ আহমেদের মেয়ে আরিফা খাতুন এবং অজ্ঞাতনামা এক নারী।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে আসা কাভার্ডভ্যানটি (নং: ঢাকা মেট্রো-ট ১২-৩৪৭৬) দিগপাইতের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
