নবনির্মিত টার্মিনাল-৩ এ অস্থায়ী গুদাম বানাবে বিজিএমইএ ও বিকেএমইএ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২১:২৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে শেড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পোশাকশিল্পের আমদানি কার্যক্রমে সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় অস্থায়ী গুদাম স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

বিজিএমইএ থেকে সোমবার (২৭ অক্টোবর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ অক্টোবর সংঘটিত অগ্নিকাণ্ডের ফলে কার্গো ভিলেজের আমদানি শেড ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর কারণে পোশাক শিল্পের জন্য আমদানি করা কাঁচামাল খালাস ও সংরক্ষণে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।

শিল্পের স্বার্থে দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে দুই সংগঠন যৌথ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নবনির্মিত টার্মিনাল-৩-এ অস্থায়ী ‘রাব হল’ বা গুদাম স্থাপন করা হবে। গুদামটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তবে জরুরি ভিত্তিতে সেখানে পণ্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। বিজিএমইএ ইতিমধ্যে গুদাম নির্মাণের জন্য একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছে।

এই বিষয়ে ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে দুই সংগঠনের নেতারা বাণিজ্য মন্ত্রণালয় ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং শিল্পের স্বার্থে আমদানি পণ্য সুরক্ষার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

ইত্তেফাক/এএম