কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদী থেকে লিটন হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
নিহত লিটন হোসেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘোষপাড়া এলাকার মৃত জামরুল ঘোষের ছেলে। তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘায় পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে কাঁকন ও মণ্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষ-গুলাগুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় দুই যুবক নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। ঘটনার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ‘কাঁকন বাহিনী’কে দায়ী করেছেন এলাকাবাসী। এই সংঘর্ষের ঘটনার পর থেকে লিটন হোসেনও নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের দাবি, লিটন হোসেন কাঁকন বাহিনীর সদস্য ছিলেন। কসমেটিকস ব্যবসার আড়ালে কাঁকনের হয়ে নদীপথে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, দুই গ্রুপের সংঘর্ষের সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।
লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি কাঁকন বা মণ্ডল বাহিনীর সদস্য।
