চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া।
এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জির পুত্র এবং মরহুমা আনোয়ারা বেগমের সন্তান। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
