ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের একটি মাঠ থেকে পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বটদাড়ি এলাকার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে ধানক্ষেতের আইলে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে মরদেহটি ইসাহাক আলীর বলে শনাক্ত করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দুর্বৃত্তরা পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
