মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে উপজেলার বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) ও একই এলাকার মো. শাহিন আলম (১৮)। আহত ব্যক্তি বিএসআরএম গাড়ির চালক মো. ইউসুফ, যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে তিন যুবক মোটরসাইকেল যোগে ফেনীতে যাচ্ছিলেন। পথিমধ্যে বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় মোটরসাইকেলটি (চট্ট মেট্রো-ল ১৬-৫১৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই মো. রাসেল উদ্দিনের মৃত্যু হয়। আহত মো. শাহিন আলম ও মো. ইউসুফকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহিন আলমের মৃত্যু হয়।
প্রতক্ষ্যদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার পর ঘটনাস্থলেই মো. রাসেল উদ্দিন মারা যান। আহত অবস্থায় মো. শাহিন আলম ও মো. ইউসুফকে চমেক হাসপাতালে নেওয়ার পথে মো. শাহিন আলমের মৃত্যু হয়। নিহতদের জানাজা আজ রাতে সম্পন্ন করা হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি আরও জানান, মো. শাহিন আলম ছোট বয়সে বাবা-মাকে হারান এবং চাচার পরিবারের দেখাশোনায় বড় হয়েছেন। তিনি ও তার ভাই পাসপোর্ট তৈরি করছিলেন বিদেশ যাওয়ার জন্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. ফারিয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সরকার আব্দুল্যাহ আল মামুন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
