বোন খবর নিতে এসে দেখলেন ভাইয়ের অর্ধগলিত মরদেহ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২০:৫১

ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাহবুবুর রহমান, মে. মহিউদ্দিন খাঁনের ছেলে।

পুলিশ জানায়, মাহবুবুর রহমান পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন। গত ২৭ অক্টোবর তিনি সর্বশেষ তার বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। বৃহস্পতিবার তার বোন খবর নিতে বাড়িতে গেলে প্রতিবেশিরা জানান, ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ সময় পুলিশকে খবর দিলে ওই ঘর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ওয়াসিম জানান, ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি