টাইফয়েড জ্বর প্রতিরোধে দেশের বিভিন্ন অঞ্চলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। গুজব রোধ এবং টিকার কার্যকারিতা দেখাতে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘কমিউনিটি লেভেল টিভিসি লাউন্সিং’ প্রোগ্রামে নিজেদের সন্তানদের টিকা দেন।
সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য এই টিকাদান কার্যক্রম চলবে। স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম ১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর কমিউনিটি পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্কুল পর্যায়ে কেউ যদি টিকা থেকে বাদ পড়ে যায়, তবে কমিউনিটি কেন্দ্র থেকে তাদেরও টিকা প্রদান করা হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলেও নির্ধারিত বয়সের যে কেউ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।
সভায় বক্তারা জানান, কিছু অপপ্রচারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে টিকার কার্যকারিতা ও পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও উদাহরণ দেখাতে কর্মকর্তারা নিজের সন্তানদের টিকা প্রদানের উদ্যোগ নিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম সভায় বলেন, ‘টিকা নিয়ে কিছু অসৎ ও অশিক্ষিত লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, তাই আমাদের সচেতন থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের সমন্বিত উদ্যোগে প্রদত্ত টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। আমাদের নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্যই এই টিকা গ্রহণ করা উচিত।’
