আমরা অনেকেই পরীক্ষার আগে অস্থির হয়ে পড়ি-সব কিছু পড়েছি, রিভিশন দিয়েছি, কিন্তু কিছুই মনে থাকছে না! মূল সমস্যা আসলে আমাদের শেখার ধরনে। শুধু বই পড়ে যাওয়া বা আন্ডারলাইন করলেই স্মৃতি দীর্ঘস্থায়ী হয় না। এজন্য প্রয়োজন অ্যাকটিভ রিকল (Active Recall)-যেখানে মস্তিষ্ক নিজেই তথ্য পুনরুদ্ধার করার অনুশীলন করে।
অ্যাকটিভ রিকল কীভাবে কাজ করে এই পদ্ধতিতে আপনি নিজেকে প্রশ্ন করেন, নোট না দেখে বিষয়টি মনে করার চেষ্টা করেন, বা নিজের ভাষায় ব্যাখ্যা করেন। যেমন-একটি অধ্যায় পড়ার পর বই বন্ধ করে ভাবুন,‘ আমি কী শিখলাম?’, ‘এই টপিকের মূল ধারণা কী?’। এই অনুশীলনে মস্তিষ্ক বারবার তথ্য আহরণ করে এবং নতুন সেল সংযোগ তৈরি করে, ফলে স্মৃতি আরও গভীর হয়।
মনোবিজ্ঞানের ভাষায়, এটি retrieval practice- যেখানে তথ্য মনে করার মাধ্যমে স্মৃতির স্থায়িত্ব বাড়ে। গবেষণায় প্রমাণিত, অ্যাকটিভ রিকল ব্যবহার করলে শিখে রাখা তথ্য ৫০-৭০% বেশি দিন মনে থাকে।
কেন এটি এত কার্যকর?
আমরা সাধারণত ‘পড়ার' মাধ্যমে মস্তিষ্কে তথ্য জমাই, কিন্তু ‘মনে করা’র মাধ্যমে সেটি সক্রিয় করি। প্রতিবার আপনি যখন উত্তর খোঁজার চেষ্টা করেন, তখন আপনার মস্তিষ্ক শেখার প্রক্রিয়ায় অংশ নেয়, শুধু গ্রহণকারী নয়, সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠে। এই সক্রিয়তা দীর্ঘমেয়াদি স্মৃতিকে শক্তিশালী করে এবং শেখাকে আনন্দদায়ক করে তোলে।
কীভাবে শুরু করবেন
নিজেকে প্রশ্ন করুন: অধ্যায় শেষে বই বন্ধ করে প্রশ্ন তৈরি করুন-‘মূল বিষয় কী ছিল?’
নোট না দেখে লিখুন: বিষয়টি নিজের ভাষায় সংক্ষেপে লিখে ফেলুন।
ফ্ল্যাশকার্ড ব্যবহার করুন: এক পাশে প্রশ্ন, অন্য পাশে উত্তর লিখে অনুশীলন করুন।
বন্ধুদের শেখান: কাউকে শেখানোর সময় নিজের শেখা আরও শাণিত হয়।
চাকরি ও ভর্তি পরীক্ষায় প্রয়োগ
বাংলাদেশে চাকরি ও ভর্তি পরীক্ষার সিলেবাস বিশাল, কিন্তু সময় সীমিত। এখানে অ্যাকটিভ রিকল কার্যকরভাবে সময় বাঁচায়। প্রতিদিন ৩০-৪৫ মিনিট এই পদ্ধতিতে অনুশীলন করলে সাধারণ জ্ঞান, ইংরেজি শব্দার্থ, গণিতের সূত্র বা ইতিহাসের তারিখ সহজেই মনে রাখা যায়। যেমন-একটি অধ্যায় পড়ার পর নিজেকে প্রশ্ন করুন-‘এখানে তিনটি মূল পয়েন্ট কী?’ অথবা ‘এই সূত্রটা কোথায় প্রয়োগ হয়?’ এই অনুশীলন শুধু স্মৃতি নয়, চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতাও বাড়ায়।
ডিজিটাল অ্যাপ ও প্রযুক্তির ব্যবহার
বর্তমানে অনেক শিক্ষার্থী Anki, Quizlet, ev Notion, Recall Template ব্যবহার করে অ্যাকটিভ রিকল অনুশীলন করছেন। এগুলো ফ্ল্যাশকার্ড তৈরি করে নিয়মিত রিভিউর সুযোগ দেয়, ফলে তথ্য ভুলে যাওয়ার হার কমে যায়।
