তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২০:১০

মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া ফতাইপুর গ্রামে একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫০) নামের এক কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত বিপ্লব হোসেন বগুড়া সদরের মৃত আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে বিপ্লব হোসেন তার দুই সহযোগীকে নিয়ে ওই গোডাউন ভাড়া নিয়ে ফার্নিচারের কাজ শুরু করেন। তবে গত কয়েক দিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে গাংনী থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন ধরে গোডাউনে কোনো কাজের শব্দ পাওয়া যাচ্ছিল না এবং কাউকেও দেখা যায়নি। এতে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেন।

এদিকে বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগী নিখোঁজ রয়েছেন। তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাংনী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল  থেতে তালাবদ্ধ গোডাউন থেকে মরদেঞ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন জানতে পুলিশের টিম তদন্তে নেমেছে। ময়না তদন্দের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। 

ইত্তেফাক/এএইচপি