ময়মনসিংহের হালুয়াঘাটে ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবু সাদাদ সায়েম (৫০)। তিনি মাইজপাড়া গ্রামের মুসলেম উদ্দিন বিল্লালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে হালুয়াঘাট থানার এসআই মানিক সহ পুলিশ আসামী সায়েমকে ধরতে তার বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সায়েম পালিয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে হালুয়াঘাট থানায় নিয়ে আসে।
নিহতের পিতা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামী সায়েমের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ওই মামলার ওয়ারেন্টে তাকে ধরতে বাড়িতে আসে। পুলিশ দেখার পর আমার ছেলে পালিয়ে যায়, আর সকালে ধানক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন এবং আইনী প্রক্রিয়া চলছে।
